
পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মফিজুল একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলীয়া দক্ষিণপাড়া মসজিদের পাশে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এ সময় সানির চিৎকারে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, ৪-৫ বছর আগে স্কুলের খেলা নিয়ে প্রতিবেশী মফিজুলের সঙ্গে সানির বাগবিতণ্ডা হয়। ওই সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারেন। এছাড়া অন্য কোনো শত্রুতার কথা তাদের জানা নেই।
তথ্যসূত্র:
১। কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
– https://tinyurl.com/2dt7xesy


