
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে সড়ক ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে ইমারাতে ইসলামিয়া। প্রদেশটির গণপূর্ত বিভাগ জানিয়েছে, কান্দাহার প্রদেশে বর্তমানে প্রায় ১২ বিলিয়ন আফগানি ব্যয়ে মোট ৩৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
কান্দাহার–উরুজগান এবং কান্দাহার–স্পিন বোল্ডাক মহাসড়কে নবনির্মিত টোল পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ইমারাতে ইসলামিয়া গণপূর্ত বিভাগের অধীনে ২৪টি প্রকল্পে কাজ চলমান রয়েছে। পাশাপাশি ইমারাতে ইসলামিয়ার নেতৃত্ব কার্যালয়ের তত্ত্বাবধানে আরও ১২টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে কান্দাহার–স্পিন বোল্ডাক রেলপথ নির্মাণ ছাড়াও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও কালভার্ট পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে।
গণপূর্ত বিভাগের প্রধান আজিজুর রহমান শরীফ বলেন, প্রদেশজুড়ে সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনসাধারণের যাতায়াতে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে।
স্থানীয়রাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মহাসড়ক সংস্কার, টোল ব্যবস্থা চালু এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণের ফলে যানবাহন চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
কর্মকর্তারা আরও জানান, কান্দাহার–উরুজগান ২৫ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট অংশের নির্মাণকাজ আগামী বছরে শুরু করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রদেশের যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. 36 Development Projects Worth 12 Billion Afghanis Underway in Kandahar
– https://tinyurl.com/3ydaeh3c


