
দেশের উন্নয়ন কার্যক্রম জোরদার এবং দুর্যোগপ্রবণ ও অসহায় জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন পূরণের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় ইমারাতে ইসলামিয়ার দুর্যোগ প্রস্তুতি ও মোকাবিলা অধিদপ্তরের প্রধান মোল্লা নূরুদ্দিন তুরাবি আগা খান ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে ৩১.৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বৈঠক করেছেন।
২০ মে, বুধবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে আগা খান ফাউন্ডেশনের উপপ্রধান আবদুল জিয়া নুরি, প্রকল্প কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন কর্মসূচির দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ৩১,৩৩৪,৩২০ মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িতব্য প্রকল্পের বিস্তারিত, বাস্তবায়ন পদ্ধতি এবং অগ্রাধিকারমূলক ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা হয়।
মোল্লা নূরুদ্দিন তুরাবি আগা খান ফাউন্ডেশনের পূর্ববর্তী সহযোগিতার প্রশংসা করে বলেন, এত বড় একটি প্রকল্প দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি যেন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরও জানান, বিভিন্ন প্রদেশে যেসব এলাকায় উন্নয়ন প্রকল্পের প্রয়োজন রয়েছে, সেসব এলাকার তালিকা, জরিপ এবং নকশা ইতোমধ্যে প্রস্তুত রয়েছে, যা প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে।
অপরদিকে, আগা খান ফাউন্ডেশনের প্রতিনিধিদল একটি প্রেজেন্টেশনের মাধ্যমে জানায় যে, তারা এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ৫৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন পেয়েছে। এর মধ্যে ৩১ মিলিয়নেরও বেশি ডলার কমিউনিটি অংশগ্রহণভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মূল দায়িত্ব পালন করবে দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি দপ্তর।
প্রকল্পটি কাবুল, পারওয়ান, ময়দান ওয়ারদাক, লগর, গজনি, হেরাত, কুন্দুজ, তাখার, বাদাখশান, কুনার এবং নুরিস্তানসহ ১১টি প্রদেশের ৮০টি জেলায় বাস্তবায়িত হবে।
কর্মসূচির আওতায় ৫১৫টি এলাকায় বাঁধ নির্মাণ, জমি পুনরুদ্ধার, খাল খননসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিচালিত হবে। একই সঙ্গে “কাজের বিনিময়ে নগদ অর্থ” কর্মসূচির মাধ্যমে বহু মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ২৪৪টি গুদাম নির্মাণ, ৫২৮টি জরুরি সাড়া প্রদানকারী দল গঠন ও প্রশিক্ষণ, ৪৮৮টি আগাম সতর্কীকরণ ব্যবস্থা স্থাপন এবং দুর্যোগ ঝুঁকি কমাতে ৪৯৪টি বিশেষ দল ও ৪৯৬টি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা গ্রুপ গঠন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. The Head of the Disaster Management and Preparedness Agency Met with the Aga Khan Foundation
– https://tinyurl.com/ct2v9827
2. Mullah Nooruddin Turabi held talks with a delegation from the Aga Khan Foundation
– https://tinyurl.com/2fpx6x68


