
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের নয়জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী ঘটনা।
লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওই বাড়িটিতে বেসামরিক লোকজন বসবাস করতেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া সব মরদেহ একই পরিবারের সদস্যদের। নিহতদের সবাই সিরীয় শরণার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ১৭ মে থেকে তা আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হলেও লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
লেবাননের কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এসব হামলায় ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। তাদের মতে, নারী, শিশু, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাদানকারী ব্যক্তিরাও হামলার শিকার হচ্ছেন।
গত কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি সংঘাতের কারণে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তথ্যসূত্র
1. Israeli airstrike in southern Lebanon kills 9 Syrian refugees from same family
– https://tinyurl.com/y2jnkce3


