
ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোস্তফা (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মোস্তফা নান্দাইল পৌরসভার আব্দুর রাশিদের ছেলে। রোববার (১২ জুলাই) এ ঘটনাটি ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা তাকে ঘরে রেখে কিছু সময়ের জন্য পাশের বাড়িতে কাজে গিয়েছিলেন। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে মোস্তফা বাড়ির পাশের বিলে নৌকায় ওঠানোর প্রলোভন দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
পরে শিশুটির মা বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় বাড়ির দিকে আসতে দেখেন। মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং মোস্তফার নির্মমতার কথা জানায়। প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকায় দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকরামুল্লাহ সাংবাদিকদের জানায়, শিশুটি মারাত্মক যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তথ্যসূত্র:
১। নান্দাইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
– https://tinyurl.com/59tes2fn


