
জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী মার্কিন সেনে নিহত হয়েছে বলে স্বীকার করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। এ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
২২ জুলাই, বুধবার পেন্টাগন জানিয়েছে, নিহত ওই সেনাসদস্য হল নিউইয়র্কের ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস র্যাম্পারস্যাড। জর্দানের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর সে নিখোঁজ ছিল। মার্কিন সেনাবাহিনী এর আগে একই হামলায় নিহত আরো দুই সেনার পরিচয় প্রকাশ করেছিল। তারা হল হাওয়াইয়ের ইওয়া বিচ এলাকার ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ক্যারলটনের ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হল বলে প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে। চলমান এই সংঘাতের ফলে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।
বিশ্লেষকদের মতে, জর্ডান, ইরাক, সিরিয়া ও উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনারা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এসব এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হওয়ায় সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
পর্যবেক্ষকদের ধারণা, সাম্প্রতিক প্রাণহানির ঘটনা ও বাড়তে থাকা সামরিক ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক উদ্যোগ—সবকিছুই এখন নতুন করে আন্তর্জাতিক নজরদারির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
তথ্যসূত্র
1. US military identifies third service member killed in Iranian attack on Jordan base
– https://tinyurl.com/3ac39arx
2. Trump says 18 US troops killed during war with Iran
– https://tinyurl.com/2s3exmsd

