
লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর অটোচালক রাজিব (১৮) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। শনিবার (২ মে ) বেলা ১২ টায় উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে দৈনিক ইত্তেফাক জানায়, গত শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শনিবার বেলা ১২টায় স্থানীয়রা বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা জানান, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি পুলিশ।
তথ্যসূত্র:
১। রায়পুরে মুক্তিপণ না পেয়ে অটোচালককে হত্যার অভিযোগ
– https://tinyurl.com/bdhf64ws


