নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে যুবক খুন, মামলা নিতে ঘুষ দাবি পুলিশের, লাশ নিয়ে থানা ঘেরাও এলাকাবাসীর

0
1

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত তরুণ মো. জোবায়েরের (১৮) মৃত্যুর পর মামলা নিতে ঘুষ দাবির করায় লাশ নিয়ে বন্দর থানা ঘেরাও করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) সন্ধ্যায় নিহত জোবায়েরের লাশ ঢাকা থেকে বন্দর এলাকায় পৌঁছালে শত শত মানুষ লাশ নিয়ে বন্দর মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার পর মামলা নিতে পুলিশের গড়িমসি এবং ঘুষ দাবির প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেন।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ঘটনার পর জোবায়েরের বাবা জাহাঙ্গীর বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। জোবায়েরের প্রতিবেশী টিপু জানান, মামলা দায়েরের জন্য থানায় গেলে জাহাঙ্গীরের এক বন্ধুর মাধ্যমে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল। টাকা না দেয়ায় সে সময় মামলা নেয়া হয়নি।

জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে লাশ নিয়ে তারা থানার সামনে অবস্থান নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও মামলা গ্রহণে পুলিশের ভূমিকার ব্যাখ্যা দাবি করেন।


তথ্যসূত্র:
১। নারায়ণগঞ্জের বন্দরে লাশ নিয়ে থানা ঘেরাও, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
– https://tinyurl.com/yw7hfxdt,

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়ার দুই দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় ১০ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই দেয়ার সময় উদ্ধার করল পুলিশ