গাজীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রড দিয়ে ছ্যাঁকা দিল শ্রমিক দল নেতা

0
1

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে গরম রড দিয়ে ছ্যাঁকা এবং পিটিয়ে গুরুতর আহত করেছে জেলা শ্রমিক দল নেতা শরীফ। এ ঘটনার পর ব্যবসায়ী সজিব মিয়াকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, উপজেলার টেপিরবাড়ী (দেওচালা) এলাকার বাসিন্দা ও এমসি বাজারের ফার্নিচার ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী সজিব মিয়া (৩০) দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফের নেতৃত্বে সঙ্ঘবদ্ধ একটি দল তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

সজিব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দলটি তাকে রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে তাকে শরীফ সরকারের বাড়ির নিচতলার একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে গ্যাসের চুলায় লোহার রড গরম করে দুই পা ও বাম হাতে ছ্যাঁকা দেওয়া হয়। এছাড়া গরম রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং গুরুতর জখম হন। নির্যাতনের একপর্যায়ে ব্যবসায়ী সজিব অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বুধবার (২২ জুলাই) রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে সজিবকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শরীফ সরকার, ড্রাইভার মুন্না, আনোয়ার হোসেন ও সুজন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে জেলা শ্রমিক দল নেতা শরীফের নেতৃত্বে হামলার কথা উল্লেখ করা হয়েছে।


তথ্যসূত্র:
১। শ্রীপুরে ব্যবসায়ীকে গরম রড দিয়ে ছ্যাঁকা দিলেন শ্রমিক দল নেতা
– https://tinyurl.com/ys97h8fk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ