
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল কিনতে এসে ব্যবসায়ীর দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে পুলিশের এক সদস্য। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানাসংলগ্ন রাজিব মিয়ার ফলের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন দোকানের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে।
স্থানীয়ভাবে পাওয়া প্রায় ১ মিনিট ৯ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ফল কিনতে দোকানে আসে। ফল কেনার পর সে দোকানি রাজিব মিয়াকে টাকা পরিশোধ করে। এরপর বাম হাতে নিজের মোবাইল ফোন নেওয়ার পাশাপাশি টেবিলের ওপর রাখা দোকানির আরেকটি মোবাইল ফোন ডান হাতে তুলে পকেটে রাখে। পরে সে দোকান থেকে বেরিয়ে যায়।
পরে দোকানি নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে ধারণ করা দৃশ্য স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে বাজারে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়। তবে ভুক্তভোগী ফল ব্যবসায়ী রাজিব মিয়া এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হননি।
পরিচয় প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ বিভাগের ভাবমূর্তির বিষয়টি বিবেচনায় নিয়ে রাতেই উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা করে ঘটনার সমাধান করা হয়।
ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল সাংবাদিকদের জানায়, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপসে সমাধান করা হয়েছে।
তথ্যসূত্র:
১। ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই
– https://tinyurl.com/y7re3ahu


