
ভারতের বেঙ্গালুরুতে সৈয়দ হাজি (৪৫) নামে এক মুসলিম ভাঙারি সংগ্রহকারীকে হাত-পা বেঁধে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) গুরুতর অগ্নিদগ্ধ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেঙ্গালুরুর গিরিনগর থানা এলাকার কুল্লান্না গুড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা সৈয়দ হাজির হাত-পা বেঁধে ফেলে এবং কাপড় দিয়ে তার মুখ বাঁধে। এরপর তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শরীরে আগুন জ্বলতে থাকা অবস্থায়ও সৈয়দ হাজি পাহাড়ের ঢাল বেয়ে নিচের সড়কের দিকে দৌড়ে আসতে সক্ষম হয়েছিলেন। একপর্যায়ে তিনি সড়কের পাশে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে থানার টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার শরীরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
পুলিশ জানায়, আগুন প্রথমে সৈয়দ হাজির হাত ও পায়ে ছড়িয়ে পড়ে। পরে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার সময় আগুন তার বুকেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েকজন যুবক প্রায়ই ওই এলাকায় যাতায়াত করত। বিশেষত রাতে ও ভোরে সেখানে মাদক সেবনের আসর বসত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সৈয়দ হাজি পদরায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় ১০ বছর ধরে আশপাশের এলাকায় ভাঙারি সংগ্রহ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তবে প্রতিবেদনে তাকে গৃহহীন বলে দাবি করা হয়েছে। তার পরিচিত কোনো পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনের সন্ধান পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গিরিনগর থানার পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশের দাবি, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4spt5hud


