সর্বনিম্ন মজুরি নির্দিষ্ট না হওয়ায় গাজীপুরে ফের শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া

0
0

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন মঙ্গলবার (২৪ নভেম্বর) আরও বিস্তৃত হয়েছে। গাজীপুর সদর, শ্রীপুর, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী ও গাছাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ এবং আঞ্চলিক সড়ক ও মহাসড়ক অবরোধ করেন।

গণমাধ্যম সূত্র জানায়, তাদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। টঙ্গীর গাজীপুরা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন স্থানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দিনভর এসব ঘটনায় সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার নতুন করে তিনটিসহ মোট ৪৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অন্তত অর্ধশতাধিক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ সাংবাদিকদের জানিয়েছে।

মঙ্গলবার সর্বনিম্ন মজুরি নির্দিষ্ট করা না হওয়ায় সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ৮টার পর নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা, মেম্বারবাড়ী ও বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিভিন্ন সড়ক ও মহাসড়কে অবস্থান নেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে ইসলাম ও রিপন গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। উদ্ভূত পরিস্থিতিতে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে শ্রমিক মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছেন কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন।

সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে শ্রীপুরের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা অবরোধে যাত্রী ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবরোধের চেষ্টা করেন।

নতুন বাজার এলাকার পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের সামনে শ্রমিকেরা মহাসড়কে উঠতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ ছিল। শিরিরচালা এলাকায় মহাসড়কের পাশে শ্রমিকেরা অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

শ্রীপুরের কয়েকটি কারখানায় সকালে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুরের আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজারের মণ্ডল ইন্টিমেটস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশনের নাম জানা গেছে।

দুপুরের দিকে ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। নাওজোড় ও ইটাহাটা এলাকার শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে কেএম ফ্যাশনসহ আশপাশের কয়েকটি কারখানার আনুমানিক ৭০০ থেকে ৮০০ শ্রমিক গাজীপুর চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে সালনার দিকে অগ্রসর হন। ভোগড়া বাইপাস এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে সিমেন্টের ব্লক ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে ওই সড়কেও যান চলাচল ব্যাহত হয়।

এদিকে টঙ্গীর সাতাইশ এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ ট্রাফিক পুলিশ বক্সে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ মালামাল বাইরে বের করে ভাঙচুর করে এবং কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেয়। মহাসড়কের বিভিন্ন স্থানেও টায়ার ও কাঠখড় জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয়।

শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা বন্ধের সংখ্যা বেড়েছে। শিল্প পুলিশ সূত্রে গণমাধ্যমগুলো জানায়, আগে থেকে বন্ধ থাকা ৪৩টি কারখানার সঙ্গে মঙ্গলবার নতুন করে আরো তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ৪৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ভোগড়া বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকার অন্তত অর্ধশতাধিক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।

এর আগে বাঘের বাজার এলাকার ১১টি ও কোনাবাড়ী এলাকার ১২টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণার তথ্য পাওয়া যায়। শ্রমিক নেতাদের দাবি, গাজীপুরের প্রায় অর্ধেক পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। তবে এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
১। গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
– https://tinyurl.com/bddw4veb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগ্লোবাল জিহাদের জনক আবদুল্লাহ আযযাম রহিমাহুল্লাহ’র শাহাদাতের ৩৭তম বছর