৩০০টি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে আফগানিস্তান: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
0

আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তুলতে বেশকিছু বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে দেশের ৩০০টি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, ওয়াখান সড়ক সম্প্রসারণের মাধ্যমে চীনের সীমান্ত পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকতিয়া প্রদেশে ওয়াখানকে কেন্দ্র করে আয়োজিত ঐতিহ্যবাহী নাশতার কবিতা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, ঐতিহাসিকভাবে ওয়াখান করিডোর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যোগাযোগপথ হিসেবে পরিচিত ছিল। তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন রুটটি বন্ধ ছিল। বর্তমানে ইমারাতে ইসলামিয়া এই পথের উন্নয়নের মাধ্যমে আফগানিস্তানের অর্থনৈতিক যোগাযোগ আরও সম্প্রসারণে কাজ করছে।

দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক কাঠামোয় প্রায় ১০ লাখ ৪০ হাজার সরকারি কর্মচারী দায়িত্ব পালন করছেন। হেরাত প্রদেশেই ইমারাতে ইসলামিয়া ক্ষমতায় ফেরার পর থেকে প্রায় ১ হাজার ৫০০টি কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করেছে। চলতি সৌর বছরে আফগানিস্তানের রপ্তানি ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের পুরো রাষ্ট্রীয় বাজেট অভ্যন্তরীণ রাজস্ব থেকে পরিচালিত হচ্ছে, যেখানে আগের সরকারের সময় বাজেটের প্রায় ৭০ শতাংশ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিল।

তিনি আরও জানান, দরিদ্র জনগোষ্ঠী, ভিক্ষুক, মাদকাসক্ত ব্যক্তি, বিধবা ও এতিমদের সহায়তায় ১২ দশমিক ৫ বিলিয়ন আফগানি নগদ সহায়তা দেওয়া হচ্ছে। পাকিস্তানের সঙ্গে কয়েকটি বাণিজ্যিক সীমান্তপথ বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, বিকল্প বাণিজ্যপথ চিহ্নিত করার মাধ্যমে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। ফলে দেশের বাজারে পণ্যের সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এড়ানো গেছে।

শিক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি জানান, বর্তমানে আফগানিস্তানে এক মিলিয়নেরও বেশি মানুষ আধুনিক ও ধর্মীয় শিক্ষায় নিয়োজিত রয়েছেন। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও মাদরাসাগুলোতে শিক্ষার মান উন্নয়নে অগ্রগতি হয়েছে। পাশাপাশি জনগণের সহযোগিতা এবং নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর কার্যক্রমের ফলে দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রয়েছে। গত পাঁচ বছরে আদালতের সব রায় শরিয়াহ আইন অনুযায়ী দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংস্কৃতিক অঙ্গনের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত দুই দশকের সংগ্রামে কবিতা ও এ ধরনের ইসলামি পরিবেশনা অস্ত্রের মতোই প্রভাব বিস্তার করেছে। তাই কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতা এবং তাঁদের সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্বের বিষয়টি তুলে ধরে মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আন্তর্জাতিক সংস্থাটিতে আফগান জনগণের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়ায় নিজেদের অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, টাপি গ্যাস পাইপলাইন, কুশ তেপা খাল, ওয়াখান সড়ক এবং খনিজ সম্পদ উত্তোলনসহ বড় বড় অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তানের কর্মসংস্থান, উৎপাদন, বাণিজ্য ও অর্থনৈতিক স্বনির্ভরতা আরও শক্তিশালী হবে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :
1. Mujahid: Afghanistan Has Achieved Self-Sufficiency in 300 Sectors
– https://tinyurl.com/bddysfmf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীর শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা করল অস্ত্রধারী দুর্বৃত্তরা