
ভারতের ছত্তিশগড়ে বাংলাদেশি সন্দেহে আরও কমপক্ষে ২০-২৩ জন অভিবাসী মুসলিম শ্রমিক আটক করেছে হিন্দুত্ববাদী পুলিশ। ভুক্তভোগীরা বাংলাভাষী এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার স্থানীয় বাসিন্দা।
পরিবারের সদস্যদের অভিযোগ, শ্রমিকদের কাছে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র এবং প্যান কার্ডসহ নাগরিকত্ব প্রমাণের যাবতীয় কাগজপত্র ছিল, তাসত্ত্বেও তাদেরকে বাংলাদেশি ট্যাগ দিয়ে আটক করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর রাতে চুনচিয়াপাড়া-গণেশ নগর এলাকায় তাদের বাসা থেকে বেশ কয়েকজন শ্রমিককে আটক করে পুলিশ।
মুর্শিবাদের স্থানীয় এক বাসিন্দা জানান, ভুক্তভোগী শ্রমিকরা বেশ কয়েক বছর আগে চাকরির সন্ধানে ছত্তিশগড়ে গিয়েছিলেন। অনেকে বিলাসপুর এলাকায় হকার হিসাবে কাজ করেছেন, তারা তাদের উপার্জিত অর্থ পরিবারের ভরণপোষণের জন্য বাড়িতে পাঠাতেন। আটক শ্রমিকদের মধ্যে এজাজুল শেখ, সফিকুল আলম, ইসলাম শেখ, কিরণ শেখ, ইব্রাহিম শেখ, এনজামুল শেখ এবং মসিকুল খা এর নাম তাদের আত্মীয়দের মাধ্যমে জানা গেছে।
ভুক্তভোগী এক শ্রমিকের স্ত্রী আফসানা বিবি অভিযোগ করেছেন, পুলিশ তার স্বামীর ফোন বাজেয়াপ্ত করেছে, ফলে তার সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। আটক শ্রমিকদের বর্তমানে একটি ডিটেনশন ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে।
অভিবাসী শ্রমিক ঐক্য ফোরাম অভিযোগ করেছে, ভুক্তভোগীদের পরিবার তীব্র উদ্বেগের মধ্যে রয়েছেন। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে শ্রমিকদের পরিচয় যাচাই, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদেরকে মুর্শিদাবাদে ফেরত আনতে কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণে আহ্বান জানিয়েছে এই ফোরাম।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yrheuf76


