
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে ওই এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে কয়েকটি হেলিকপ্টার সেখানে গিয়েছিল।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, ঘটনাস্থলে চারজনকে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপর একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনাস্থলের ভিডিওতে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলের কাছে একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার উড্ডয়ন করছিল। সেটিই দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।
এর আগে এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে বলে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। সিলভারম্যান বলেছে, ‘ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।’
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে দিনের শুরুতে চ্যাটসওয়ার্থ এলাকায় এসইউভি ও বাসের সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়। সেই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ওই এলাকায় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার ছিল।
তথ্যসূত্র
1. 3 people killed when NBC and Telemundo news helicopter crashes while covering LA bus collision
– https://tinyurl.com/43u7suxh
2. News Helicopter Crashes in Los Angeles, Killing at Least 3
– https://tinyurl.com/96ju54yb


