ফরিদপুরে আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত, শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ সন্ত্রাসীদের

0
2

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে রাতের আঁধারে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চারটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়। এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই সড়ক দিয়ে ভাঙ্গায় ফিরছিল। শোভাযাত্রাটি হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে অবস্থান নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, হামলাকারীরা শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে এবং সড়কে থাকা চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। গুলির শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়িতে অবস্থান নেন। পরিস্থিতির অবনতি হলে স্থানীয় দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান।

এদিকে নিহত রাজু মোল্লা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে।


তথ্যসূত্র:
১। ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
– https://tinyurl.com/5n8jzj5h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে জোরপূর্বক ধর্ষণ, প্যাথলজি কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল আওয়ামী সন্ত্রাসীরা