পুনর্বাসনের অভাবে অধিকৃত জম্মু-কাশ্মীরের নদীর তীরবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন শত শত উপজাতি মুসলিম পরিবার

0
9

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা ও শোপিয়ান জেলার নদী তীরবর্তী এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন শত শত গুজ্জর-বাকারওয়াল উপজাতি পরিবার। এ দু’টি সম্প্রদায়ের অধিকাংশ বাসিন্দা মুসলমান, নদীর তীরে অস্থায়ী তাঁবু ও কুঁড়েঘরে তারা বসতি স্থাপন করেছেন। বাসিন্দাদের অভিযোগ, বিকল্প বাসস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর তাদের এমন পরিস্থিতির মধ্যেই থাকতে হচ্ছে।

পুলওয়ামা জেলায় কারেমাবাদ এলাকায় কয়েক বছর ধরে বসবাস করছেন মোহাম্মদ হুসাইন খান ও তার পরিবার। তিনি জানান, ভারী বৃষ্টিপাতের দরুন নদীর পানি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। স্রোত তীব্র হয়ে উঠলে হঠাৎ বন্যার পানিতে তাদের তাঁবু ভেসে যাওয়ার উপক্রম হয়।

হুসাইন খান অভিযোগ করেন, গত কয়েক বছরে বহুবার নদীর পানি দ্রুত বেড়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছে গিয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

পুলওয়ামা ও শোপিয়ানের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে নদীতীর ঘেঁষে একই ধরনের অসংখ্য অস্থায়ী বসতি গড়ে উঠেছে। বিশেষ করে ঝিলম নদীর গুরুত্বপূর্ণ উপনদী রামবিয়ারা ও অন্যান্য নদী-নালার তীরে এসব বসতি দেখা যায়।

বাসিন্দাদের আশঙ্কা, আকস্মিক বন্যা, মেঘভাঙা বৃষ্টি এবং নদীর পানির উচ্চতা হঠাৎ বেড়ে গেলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাদের দাবি, প্রশাসনের উচিত ঝুঁকিপূর্ণ বসতিগুলো চিহ্নিত করে নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা। কেননা জলবায়ু ও আবহাওয়ার চরম পরিস্থিতি বাড়তে থাকায় এসব অস্থায়ী বসতি ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে।

এক বাসিন্দা বলেন, “আমরা নিরাপদ কোনও জায়গায় সরে যেতে চাই। নদীতীরে বসবাসের ঝুঁকি আমরা জানি, কিন্তু আমাদের কাছে কোনও বিকল্প নেই।”

আরেক বাসিন্দার ভাষ্য, “আমরা গরিব মানুষ। কোথায় যাব? জানি, পানির স্রোত আমাদের পরিবারসহ তাঁবু ভাসিয়ে নিয়ে যেতে পারে।”

বাসিন্দারা জানান, মৌসুমভিত্তিক বিভিন্ন কাজের ওপর তাদের জীবিকা নির্ভরশীল। এসব এলাকার কাছাকাছি তাদেরকে থাকতে হয়, কারণ অন্য কোথাও সাশ্রয়ী মূল্যে বাসস্থানের সুযোগও তাদের নেই।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/czseapda

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো অবৈধ ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে খাল সংস্কারের নামে লুটপাট, কাজ না করেই ৩০ লাখ টাকা বিল উত্তোলন