
আফগানিস্তানে সড়ক, স্বাস্থ্য, পানি ও যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন খাতে ৭০০ কোটি আফগানির বেশি ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন। একই বৈঠকে আরও নয়টি প্রকল্পে সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। ইমারাতে ইসলামিয়ার নিজস্ব বাজেট থেকে এসব প্রকল্পের অর্থায়ন করা হবে।
অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে মোট ৩৪টি প্রকল্প পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়। আলোচনার পর ১৬টি প্রকল্প অনুমোদন, নয়টিতে সংশোধনী, পাঁচটি পুনরায় দরপত্র আহ্বানের জন্য এবং তিনটি আরও প্রক্রিয়াকরণের জন্য ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিত ও সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হেরাতের ইসলামকালা সীমান্ত শুল্ককেন্দ্রে পার্কিং এলাকা পাকাকরণ, কারগা বাঁধ থেকে বাদামবাগ গবেষণা বাগান পর্যন্ত পানির পাইপলাইন স্থাপন এবং লোগারের মোহাম্মদ আগা জেলায় ১১ কিলোমিটার সড়ক নির্মাণ।
এ ছাড়া বাদাখশানের ওয়াখান জেলায় ব্রঘিল থেকে বাজাই গম্বাদ পর্যন্ত ৭১ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ, পূর্ব কাবুলে একটি টার্মিনাল নির্মাণ এবং হেলমান্দে ৩৫৯ শয্যার বোস্ট হাসপাতাল নির্মাণের প্রকল্পও রয়েছে।
ইমারাতে ইসলামিয়ার নিজস্ব অর্থায়নে একসঙ্গে এতগুলো বড় প্রকল্প অনুমোদন দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে। সড়ক, স্বাস্থ্য, পানি ও যোগাযোগ খাতে এসব প্রকল্প বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ ও জনসেবা আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান ও বাণিজ্যিক সম্ভাবনাও বাড়বে। ধারাবাহিকভাবে এমন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আফগানিস্তান নিজস্ব সক্ষমতা ও অর্থায়নের ভিত্তিতে আরও শক্তিশালী অবকাঠামো ও স্বনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে।
তথ্যসূত্র
1. Procurement Commission Approves 16 Projects Worth Over 7 Billion Afghanis
– https://tinyurl.com/28cbmxyj


