
ইলম অর্জন, তার ওপর আমল এবং অন্যদের কাছে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার আমীরুল মুমিনীন শাইখুল হাদিস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ। তিনি শিক্ষার্থীদের দুনিয়াবি স্বার্থ, পদমর্যাদা কিংবা সামাজিক মর্যাদা অর্জনের উদ্দেশ্যে ইলম শিক্ষা থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন।
১৫ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে কান্দাহার প্রদেশের একটি মাদরাসায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইলম মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সহায়তা করে এবং সমাজের সংস্কার সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্নীতি মোকাবিলা ও সমাজে সংশোধন প্রতিষ্ঠার জন্য শিক্ষা, নৈতিক গঠন এবং ধর্মীয় জ্ঞান অর্জন অপরিহার্য।
আমীরুল মুমিনীন বলেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী। মানুষের কাছে দ্বীনের বিধিবিধান পৌঁছে দেওয়া এবং ধর্মীয় জ্ঞান পৌছে দেয়া তাঁদের দায়িত্ব। এ জন্য তিনি শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা, জ্ঞান বৃদ্ধিতে চেষ্টা করা এবং পড়াশোনা শেষ করার পরও ফিকহ ও ইলমের বিভিন্ন শিক্ষামূলক মজলিস থেকে উপকৃত হওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের শিক্ষকদের সম্মান করা এবং তাঁদের শিক্ষা ও নৈতিকতা গঠনে অবদানের মূল্যায়ন করার পরামর্শ দেন। একই সঙ্গে বিনয়ী হওয়ার, অহংকার পরিহার করার এবং মাদরাসার নিয়মশৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। সহপাঠীদের সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখার প্রতিও তিনি আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে শাইখ হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সতর্ক থাকার এবং দুনিয়াবি পদ-পদবি নিয়ে ব্যস্ত না হওয়ার উপদেশ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রধান মনোযোগ হওয়া উচিত ইলম অর্জন, সে অনুযায়ী আমল এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখা।
তথ্যসূত্র
1. The Commander of the Faithful Calls on Religious School Students to Sincerity in Seeking Knowledge
– https://tinyurl.com/4zxud94w


