
রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশন থেকে অপহৃত নয় মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত রানা (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সকালে প্ল্যাটফর্মে দায়িত্বরত আনসার সদস্য মো. শাহিন মিয়া লক্ষ্য করেন, এক ব্যক্তি অবিরত ক্রন্দনরত একটি শিশুকে কোলে নিয়ে অস্বাভাবিক তাড়াহুড়ো করে প্ল্যাটফর্ম ছাড়ার চেষ্টা করছে। শিশুর কান্না ও ওই ব্যক্তির আচরণে সন্দেহ তৈরি হলে আনসার সদস্য ও উপস্থিত যাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় কোনো সদুত্তর দিতে না পেরে ব্যক্তিটি স্টেশন থেকে নিচে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে। পরিস্থিতি আঁচ করতে পেরে আনসার সদস্য শাহিন মিয়া তাৎক্ষণিকভাবে ধাওয়া করে রানাকে আটক করে।
পরবর্তীতে স্টেশনের অঙ্গীভূত আনসারের প্ল্যাটফর্ম কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে অবহিত করে এবং উদ্ধার হওয়া শিশুসহ অভিযুক্ত ব্যক্তিকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমআরটি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রানা স্বীকার করেছে যে, সে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে শিশুটিকে চুরি করে এনেছিল। বর্তমানে উদ্ধার হওয়া শিশুটির পরিবারের সন্ধান ও তাদের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র:
১। রাজধানীতে বস্তি থেকে শিশু অপহরণ করে মেট্রোতে ধরা
– https://tinyurl.com/rwa7mjrz


