
ভোগবাদী সমাজব্যবস্থা মানুষকে ক্রমশ ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। এর ফলে মানুষ জীবনের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে চরম হতাশা ও অর্থহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। জীবনের প্রতি হারিয়ে ফেলছে মমত্ববোধ ও বেঁচে থাকার প্রেরণা। ফলে সামান্য কোনো প্রতিকূলতা কিংবা তুচ্ছ কারণেও অনেকে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিচ্ছে।
এরই এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে ঝিনাইদহের সাম্প্রতিক আত্মহত্যার পরিসংখ্যানে। গত তিন মাসে জেলাটিতে আত্মহত্যা করেছেন ৯০ জন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৬০ জন নারী। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গলায় ফাঁস ও বিষপানের মাধ্যমে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিন মাসে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। এ উপজেলায় ২৬ জন আত্মহত্যা করেছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও ২১ জন নারী।
দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা। সেখানে আত্মহত্যা করেছেন ২১ জন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী। তৃতীয় অবস্থানে থাকা মহেশপুর উপজেলায় আত্মহত্যা করেছেন ১৪ জন। তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী সাতজন।
এ ছাড়া হরিণাকুণ্ডু উপজেলায় ১২ জন (পুরুষ ৪, নারী ৮), কালীগঞ্জে ১১ জন (পুরুষ ৫, নারী ৬) এবং কোটচাঁদপুরে (পুরুষ ২ ও নারী ৪) মোট ৬ জন আত্মহত্যা করেছে।
তথ্যসূত্র:
১। ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নারীর সংখ্যা দ্বিগুণ
– https://tinyurl.com/mrfk827r


