
আফগানিস্তানের দুর্গম পার্বত্য প্রদেশ নুরিস্তানে জনসেবা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণে চলতি সৌরবর্ষের প্রথম ছয় মাসে ১২৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারাতে ইসলামিয়া ও সহযোগী সংস্থাগুলো। সড়ক, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, পানি সরবরাহব্যবস্থা, সেচ খাল, প্রতিরক্ষা দেয়াল ও মসজিদ নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ সেবার উন্নয়নেও এসব প্রকল্প নেওয়া হয়েছে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে মৌলিক সেবা পৌঁছে দিতে চ্যালেঞ্জের মুখে থাকা প্রদেশটির মানুষের জীবনযাত্রায় এসব উদ্যোগ নতুন সুযোগ-সুবিধা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নুরিস্তান প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র ফারিদুন সামিম হাফিযাহুল্লাহ জানান, বাস্তবায়িত ১২৭টি প্রকল্পের মধ্যে প্রায় ৮০টি ইমারাতে ইসলামিয়ার নিজস্ব বাজেটে এবং বাকি ৪৭টি সহযোগী সংস্থার অর্থায়নে সম্পন্ন হয়েছে। সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোতে ব্যয় হয়েছে ৬০০ কোটি ৭৯২ লাখ ৯২ হাজার ৪২৮ আফগানি। অন্যদিকে সহযোগী সংস্থাগুলোর বাস্তবায়িত প্রকল্পে ব্যয় হয়েছে ৬৫ লাখ ২৮ হাজার ৬৩৩ মার্কিন ডলার।
প্রকল্পগুলোর আওতায় সড়ক নির্মাণ ও সংস্কার, স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয় প্রতিষ্ঠা, নিরাপদ পানি সরবরাহের নেটওয়ার্ক, সেচ খাল, প্রতিরক্ষা দেয়াল এবং মসজিদ নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ সেবার পরিধি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এসব অবকাঠামো উন্নয়নের ফলে প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
এদিকে প্রদেশটির রাজধানী পারুনের মহাপরিকল্পনা বাস্তবায়নেও কাজ চলছে। ফারিদুন সামিম হাফিযাহুল্লাহ জানান, এ পরিকল্পনা প্রণয়নের জন্য কাবুল থেকে বিশেষজ্ঞ দল নুরিস্তানে এসেছেন। গৃহায়ণ ও নগর উন্নয়ন বিভাগ এ-সংক্রান্ত ১২টি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন এবং এর মধ্যে সাতটি প্রকল্প প্রকৌশলগত নীতিমালা অনুসারে নকশা করেছেন।
পাহাড়ি ভূপ্রকৃতি, দুর্গম যোগাযোগব্যবস্থা এবং প্রত্যন্ত জনপদের কারণে নুরিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য জনসেবা সম্প্রসারণ দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ বাস্তবতায় উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি পারুনের মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং স্থানীয় মানুষের অগ্রাধিকারভিত্তিক চাহিদা পূরণে উদ্যোগ অব্যাহত থাকলে প্রদেশটির অবকাঠামো ও জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র :
1. projects implemented in Nuristan by government and partner organizations
– https://tinyurl.com/2rb9hujm


