
হিন্দুদের দীপাবলি উৎসব শান্তিপূর্ণভাবে পালনের অজুহাত দেখিয়ে অধিকৃত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ভারতীয় কর্তৃপক্ষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। মহাসড়ক ও দখলদার বাহিনীর দৃষ্টিতে স্পর্শকাতর এলাকাগুলোতে চলছে কড়া তল্লাশি।
৭ নভেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর, কাজিগুন্ড, রামবান, উধমপুর, জম্মু, কৌথা, সাম্বা এবং অন্যান্য এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ সড়কের মোড়, প্রবেশ ও বের হওয়ার পথে বিশেষ তল্লাশিচৌকি বসানো হয়েছে। মানুষ ও যানবাহনের চলাচলের ওপর নজর রাখতে টহলও বাড়ানো হয়েছে।
শ্রীনগর-জম্মু মহাসড়কে যানবাহনের চলাচল পর্যবেক্ষণে বিশেষ অভিযান গ্রুপের (এসওজি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্ধারিত তল্লাশিচৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের শারীরিক তল্লাশির পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে। অঞ্চলটির অন্যান্য সড়কেও একই ধরনের তল্লাশি চলছে।
এক কর্মকর্তা জানিয়েছে, নজরদারি বাড়াতে বিভিন্ন নিরাপত্তা সংস্থা সমন্বয় করে কাজ করছে। টহল দলগুলোকে দিনরাত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে জনসমাগমস্থল, প্রধান সড়ক, বাজার এবং তাদের দৃষ্টিতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, দীপাবলি উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিভিন্ন অজুহাতে নিয়মিত এ ধরনের নিরাপত্তা বিধিনিষেধ ও তল্লাশি চালানো হয়। এর মূল উদ্দেশ্য মুসলিম-অধ্যুষিত এ জনপদের বাসিন্দাদের হয়রানি করা এবং পুরো অঞ্চলে ভয়ভীতির পরিবেশ তৈরি করা।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বর্তমানে প্রায় ১০ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। এটিকে বিশ্বের অন্যতম সর্বাধিক সামরিক উপস্থিতি থাকা অঞ্চল হিসেবে অভিহিত করা হয়। বিপুলসংখ্যক সেনা মোতায়েনের পাশাপাশি পুরো অঞ্চলে রয়েছে অসংখ্য তল্লাশিচৌকি ও নজরদারি ব্যবস্থা। নিয়মিত চলছে এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান ও ধরপাকড়। এসব কারণে কাশ্মীরি মুসলমানদের দৈনন্দিন জীবনে স্বাধীনতা নেই বললেই চলে, বরং সর্বদা কঠোর নিরাপত্তা নজরদারির মধ্যেই তাদের জীবন অতিবাহিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3fybsenf


