সরকারি সুযোগ-সুবিধা পেতে শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখায় প্রাথমিক বিদ্যালয়গুলো

0
1

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় প্রকৃত শিক্ষার্থী কত, তা নিয়ে রয়েছে সংশয়। প্রতিষ্ঠানের নথিতে যত নাম, বাস্তবে অনেক ক্ষেত্রেই সে সংখ্যক শিক্ষার্থী পাওয়া যায় না। কোথাও সরকারি সুযোগ-সুবিধা পেতে একই শিক্ষার্থীকে ভর্তি দেখানো হচ্ছে একাধিক প্রতিষ্ঠানে। আবার কোথাও বিদ্যালয় একীভূতকরণ এড়াতে বাড়িয়ে লেখা হচ্ছে সংখ্যা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে এমন চিত্র। আট বিভাগের ৭৭ দশমিক ৫ শতাংশ মাঠপর্যায়ের কর্মকর্তার মতে, প্রায়শই শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখানোর ঘটনা ঘটছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয়।

দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭, যা প্রাথমিক স্তরের মোট প্রতিষ্ঠানের ৫৫ দশমিক ৩ শতাংশ। বিদ্যালয়গুলোয় অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৬২। অর্থাৎ এ স্তরের মোট শিক্ষার্থীর ৫২ দশমিক ৬ শতাংশই সরকারিতে পড়ে। তবে এ পরিসংখ্যানের যথার্থতা নিয়েই প্রশ্ন তুলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক মাঠপর্যায়ের পর্যবেক্ষণ। দেশের আটটি বিভাগে গত সাত মাসে বিদ্যালয় পরিদর্শন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর তৈরি করা হয় ‘ন্যাশনাল স্টেকহোল্ডার ব্রিফিং’ শীর্ষক এক প্রতিবেদন। তাতেই শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখানোকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আট বিভাগে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ২ হাজার ৩৫০টি আলোচনা সভা বা সেশনে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার পাঁচটি প্রধান সমস্যা চিহ্নিত করা হয়। এর মধ্যে ৭৭ দশমিক ৫ শতাংশ কর্মকর্তা জানিয়েছে, বিদ্যালয়গুলোয় প্রায়ই শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখানোর ঘটনা ঘটে। তাদের ৫৩ দশমিক ৩ শতাংশ এটিকে গুরুতর এবং ২২ দশমিক ৫ শতাংশ মাঝেমধ্যে ঘটে এমন সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখানোর প্রবণতা নতুন নয়। এর পেছনে রয়েছে একাধিক কারণ। সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ, বিদ্যালয় একীভূতকরণ বা সংযুক্তি এড়ানো এবং স্থানীয় প্রভাবশালী মহলের চাপ এর অন্যতম।

জেলা পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানায়, ‘বিদ্যালয় পরিদর্শনে গেলে অনেক সময় হাজিরা খাতায় থাকা শিক্ষার্থীর সঙ্গে বাস্তব উপস্থিতি ও প্রকৃত সংখ্যার অসংগতি দেখা যায়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা রয়েছে। এসব সুবিধা পাওয়ার উদ্দেশ্যে হয়তো কেউ কেউ শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখাতে পারেন। তবে সব ক্ষেত্রে বিষয়টি এমন নয়। অনেক অভিভাবক সন্তানকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে রাখার পাশাপাশি কিন্ডারগার্টেন বা মাদরাসায়ও পড়ান। আবার কোনো প্রতিষ্ঠান পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তি এড়াতেও এমনটি করে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সালের মার্চে ঘোষণা দিয়েছিল, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০-এর কম, সেগুলো পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা হবে। এ সিদ্ধান্তের পর প্রাথমিকভাবে ৩০০টি বিদ্যালয় চিহ্নিত করে সংযুক্তির নির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্তের পর কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেখানোর প্রবণতা তৈরি হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান ২০২৪-এর তথ্যেও সরকারি প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে উদ্বেগের চিত্র পাওয়া যায়। তাতে দেখা যায়, ২০২০ সালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার ছিল ১১ দশমিক ৪০ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ৫৫ শতাংশে, যা পাঁচ বছরের মধ্যে ছিল সর্বোচ্চ। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক সেক্টর পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী, দেশের ৩৫ হাজার ৮৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৫০ বা তার কম। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে ৩৬ লাখ ১৭ হাজার ৯৫৭ জন।


তথ্যসূত্র:
১। প্রায়শই শিক্ষার্থী বাড়িয়ে দেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো!
– https://tinyurl.com/43ny9see

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দুদের দীপাবলি উৎসবের অজুহাতে জম্মু-কাশ্মীরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে দখলদার ভারত