
রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। একই দিন উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শ্যামলী শিশু মেলার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ গণমাধ্যমকে জানায়, চলন্ত বাসটিকে লক্ষ্য করে আগুন দেওয়া হয়। এ সময় চালক ও সহকারী নিরাপদে বেরিয়ে আসেন। যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বড় একটি অংশ পুড়ে গেছে। এ ঘটনায় মিরপুর সড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা জানায়, বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা আগে দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড়ে একটি পরিত্যক্ত বস্তায় বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। এ সময় বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে ধ্বংস করা হয়।
এদিকে, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যথাযথভাবে পর্যালোচনা করা হচ্ছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের এমন নিষ্ক্রিয়তা ও তদন্তে গাফিলতির সুযোগে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে কিনা, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র:
১। শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার
– https://tinyurl.com/5n6e6u7u


