সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে আশ্রয় নেয়া পরিবারগুলোর দুর্ভোগে যোগ হয়েছে শীত ও প্রতিকূল আবহাওয়া; শীতের তীব্রতায় তাঁবুতেই প্রাণ গেল ৯ মাসের শিশুর

0
24

ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে আশ্রয় নেওয়া গাজার ফিলিস্তিনিদের দুর্ভোগে নতুন মাত্রা যোগ হয়েছে শীত ও প্রতিকূল আবহাওয়ায়। পর্যাপ্ত আশ্রয়, শীতবস্ত্র ও উষ্ণতার ব্যবস্থা না থাকায় চরম ঝুঁকিতে পড়েছে হাজারো শিশু। এরই মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসে তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে নয় মাস বয়সী এক শিশু।

১২ নভেম্বর, বৃহস্পতিবার কিনান আহমেদ রাকিক নামের শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা এএফপিকে জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় (হাইপোথার্মিয়া) তার মৃত্যু হয়েছে। শিশুটির বাবা জানান, রাতে ঘুম থেকে উঠে ছেলের শরীর নীলচে দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর বড় একটি অংশ এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। সম্প্রতি ভারী বৃষ্টিতে প্রায় ৭০ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বৃষ্টিতে এক লাখ ছয় হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যার ঝুঁকিতে থাকা এলাকায় বসবাস করছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ওসিএইচএর হিসাব অনুযায়ী, গাজার ৯৪ শতাংশ মানুষের জরুরি আশ্রয় সহায়তা প্রয়োজন। শীত মোকাবিলায় প্রায় ৬ লাখ ৫০ হাজার শিশুর জন্য শীতবস্ত্র ও কম্বল প্রয়োজন। এ পরিস্থিতিতে মানবিক সহায়তা সংস্থাগুলো নিরাপদ আশ্রয়, জ্বালানি, পানি ও চিকিৎসাসামগ্রী সরবরাহের ওপর জোর দিয়েছে।

দীর্ঘ ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি, হাসপাতাল ও মৌলিক অবকাঠামো হারানো গাজার মানুষের জন্য শীত এখন নতুন জীবনসংকটে পরিণত হয়েছে। বিশেষ করে তাঁবুতে বসবাসকারী শিশুদের জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে শীতবস্ত্র, কম্বল, নিরাপদ আশ্রয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় প্রতিকূল আবহাওয়া ও মানবিক সংকটের কারণে আরও বহু শিশুর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


তথ্যসূত্র :

1. Palestinian baby dies from cold in Gaza amid Israeli restrictions on aid
– https://tinyurl.com/5c6eyn2n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে পুলিশ পোস্টে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান: নিহত ১, আটক ৩ পুলিশ সদস্য
পরবর্তী নিবন্ধরাশিয়ার ৭০ এর বেশি ব্যবসায়ী প্রতিনিধির কাবুল সফর, স্বাক্ষরিত হলো ১০ কোটি ৩০ লাখ ডলারের ১৫ সমঝোতা স্মারক