দেশের ব্যাংক খাতে মূলধনের ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি তিন লাখ কোটি টাকা

0
8

দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতি ক্রমেই বাড়ছে। সবশেষ হিসাব অনুযায়ী মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে পড়েছে বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ঘাটতির পরিমাণ ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। এ তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম সূত্রে বলেছে, অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় বিশাল অঙ্কের মূলধন ঘাটতি তৈরি হয়েছে। ফলে ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) আরো অবনতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে তিন লাখ আট হাজার ৮০৩ কোটি টাকা। গত মার্চে ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল প্রায় দুই লাখ ৯৪ হাজার কোটি টাকা। দেশের বাকি ব্যাংকগুলোর মূলধনে কোনো ধরনের ঘাটতি নেই।

ব্যাংকাররা গণমাধ্যমে জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয়েছিল, সেগুলো এখন খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে পারছে না ব্যাংকগুলো। এতে ব্যাংকগুলোর মূলধন ক্ষয় হচ্ছে। এ পরিস্থিতি দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে।

ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের ঘাটতির পরিমাণ ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। এরপর অগ্রণী ব্যাংকের আট হাজার ৭৮২ কোটি টাকা, রূপালী ব্যাংকের পাঁচ হাজার ২৩১ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের চার হাজার ৬৯০ কোটি টাকা।

বেসরকারি খাতের আটটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এই খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের, ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি এবি ব্যাংকের, আট হাজার ৯১২ কোটি টাকা। এরপর আইএফআইসি ব্যাংকের সাত হাজার ১৯৯ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ছয় হাজার ৬১৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ছয় হাজার ৭৮ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই হাজার ৩৪৪ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক হাজার ৭৮ কোটি টাকা এবং সিটিজেন ব্যাংকের ২৬ কোটি টাকা।

এদিকে, ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ইসলামি ধারার ব্যাংকগুলোতে। গত জুন শেষে এ খাতের ব্যাংকগুলোর সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি এক্সিম ব্যাংকের, ৩৪ হাজার ২৩ কোটি টাকা। এরপর ইউনিয়ন ব্যাংকের ৩০ হাজার ৮৬২ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯ হাজার ৯১০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৬ হাজার ৭৩২ কোটি টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশের সাত হাজার ৪৯২ কোটি টাকা এবং আইসিবি ইসলামিক ব্যাংকের দুই হাজার ৯০ কোটি টাকা।

বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি বাংলাদেশ কৃষি ব্যাংকের, ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। অন্যদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই হাজার ৯৫৭ কোটি টাকা।

এছাড়া বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে চার কোটি টাকা।

গত জুন শেষে সামগ্রিকভাবে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) আরো অবনতি হয়েছে। জুন শেষে এ হার দাঁড়িয়েছে ঋণাত্মক ৩.৮০ শতাংশে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩.১৭ শতাংশ। অথচ বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, ব্যাংকগুলোকে ন্যূনতম সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হয়। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতি দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।


তথ্যসূত্র:
১। ২২ ব্যাংকের মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা
– https://tinyurl.com/2n6aeyn2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৩য় সপ্তাহ, নভেম্বর ২০২৬ ||
পরবর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি শহীদ, মসজিদে অগ্নিসংযোগ অবৈধ বসতি স্থাপনকারীদের