
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে (আরাকান রাজ্যে) দেশটির সন্ত্রাসী সামরিক বাহিনীর আগ্রাসনে অন্তত ১০ হাজার রোহিঙ্গা শহীদ হওয়া্র তথ্য রায়ে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই অভিযানে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার প্রমাণ পেয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় ঘোষণা করে। আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে ভোট দেয়। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হলো।
আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া প্রায় তিন ঘণ্টা ধরে রায় পাঠ করে। তিনি জানান, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছে।
রায়ে বলা হয়, এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। আদালতের পর্যবেক্ষণে, মিয়ানমারের সন্ত্রাসী সামরিক বাহিনীর ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা পাওয়া যায়নি।
আইসিজে বলেছে, মিয়ানমার শুধু গণহত্যা সংঘটনের জন্যই দায়ী নয়, এটি প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সামরিক আগ্রাসনে সশস্ত্র বেসামরিক ব্যক্তি ও সহযোগী বাহিনীর অংশগ্রহণের সময় গণহত্যার ঝুঁকি সম্পর্কে মিয়ানমারের জানার কথা ছিল। কিন্তু দেশটি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
এ ছাড়া গণহত্যা-সংক্রান্ত প্রমাণ ধ্বংস ঠেকানো এবং সেগুলো সংরক্ষণে আদালতের ২০২০ সালের অন্তর্বর্তী নির্দেশনাও যথাযথভাবে বাস্তবায়ন করেনি মিয়ানমার।
মিয়ানমারের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পুলিশ ফাঁড়িতে হামলার জবাব দিতেই তারা ওই সামরিক অভিযান চালিয়েছিল। তবে আইসিজে বলেছে, সামরিক অভিযানে সশস্ত্র বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণের ফলে গণহত্যার ঝুঁকি তৈরি হতে পারে—এ বিষয়টি মিয়ানমারের জানা উচিত ছিল। তা সত্ত্বেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে দেশটি।
রায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি, ধ্বংস হওয়া সামষ্টিক সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা পুনর্নির্মাণ এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও যথাযথভাবে দাফনের ব্যবস্থা করা। এছাড়া নির্যাতনের শিকার ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং ভবিষ্যতে নিপীড়ন থেকে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
তবে, আইসিজে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি এখনও নির্ধারণ করেনি। এ বিষয়ে কী ধরনের পুনর্বাসনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, তা জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া। পরবর্তী সময়ে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ১১টি দেশ মামলায় গাম্বিয়ার পক্ষে হস্তক্ষেপ করে।
তথ্যসূত্র:
1. UN’s top court finds Myanmar guilty of genocide against Rohingya
– https://tinyurl.com/2reb32yb


