
ভারতের রাজধানী দিল্লির কৃষি ভবন চত্বরে অবস্থিত শতবর্ষী কাদিমি মসজিদ সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্পের অজুহাতে অপসারণের পরিকল্পনা নিয়েছে হিন্দুত্ববাদী সরকার। সরকারি অফিস চত্বরে স্থায়ী ধর্মীয় স্থাপনা থাকা সরকারের ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন যুক্তিতে মসজিদটি সরিয়ে ফেলার পক্ষে অবস্থান নিয়েছে সরকার। অপরদিকে মসজিদটি সংরক্ষণের দাবি জানিয়েছে দিল্লি ওয়াকফ বোর্ড।
হিন্দুত্ববাদী সরকারের বক্তব্য, সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্পের আওতায় কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট ভবন নির্মাণের জন্য কৃষি ভবন চত্বরের কাদিমি মসজিদ অপসারণ করা প্রয়োজন। সরকারের মতে, সরকারি অফিস কমপ্লেক্সে স্থায়ী ধর্মীয় স্থাপনা থাকা সরকারের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অপরদিকে সরকারের এই অবস্থানের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে মসজিদ তত্ত্বাবধানকারী কমিটি। স্বচ্ছ পর্যালোচনা ছাড়া মসজিদটি ভেঙে ফেলা বা এর ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না করতে দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি। তারা ১৯৪৫ সালে মসজিদটির ব্যবহার সংশ্লিষ্ট একটি চুক্তির বিষয়ও আদালতে তুলে ধরেছেন।
একই সাথে, সোমবার (২৩ নভেম্বর) দিল্লি হাইকোর্টে দেওয়া বক্তব্যে মসজিদটি সংরক্ষণের পক্ষে অবস্থান তুলে ধরেছে দিল্লি ওয়াকফ বোর্ড। বোর্ড জানায়, সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্প জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ হলেও এর কারণে কাদিমি মসজিদ অপসারণ অযৌক্তিক।
বোর্ডের মতে, অনুমোদিত নকশা ও কারিগরি তথ্য আরও গভীরভাবে পর্যালোচনা করা উচিত। বিদ্যমান মসজিদ এবং এর ধর্মীয় কার্যক্রম অক্ষুণ্ণ রেখে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বিকল্প অনুসন্ধান করা প্রয়োজন।
উল্লেখ্য, কাদিমি মসজিদটি একটি নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি। এটি ১৪৯ বছরেরও বেশি পুরোনো। কৃষি ভবন চত্বরে অবস্থিত এই মসজিদটির কাঠামো ও ধর্মীয় পরিচয় সংরক্ষণ করে আইনসম্মতভাবে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করাই ওয়াকফ বোর্ডের প্রধান দাবি।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/334teuyc


