‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি ফালাইতে হইবো’: লক্ষ্মীপুরের সন্ত্রাসী আওয়ামী নেতা বিপ্লব

0
1

লক্ষ্মীপুরের সাবেক মেয়র মৃত আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।’

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের প্রায় তিন মিনিটের কল রেকর্ডিং গণমাধ্যমে প্রকাশিত হয়।

বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত এম এ তাহেরের বড় ছেলে। সে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।

রেকর্ডিংয়ে মামুন নামে একজনের সঙ্গে কথোপকথনে বিপ্লবকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার পরিকল্পনা এবং এলাকায় গেরিলা বাহিনী গড়ে তোলার বিষয়ে কথা বলতে শোনা যায়। এ সময় সে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার ইঙ্গিত দেয়।

কথোপকথনের একপর্যায়ে সে জানায়, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পরিকল্পনা রয়েছে তার। এ জন্য স্থানীয় পর্যায়ে লোকজনকে সংগঠিত করা এবং তার ব্যানারে একটি মিছিলের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচারের বিষয়েও আলোচনা করে সে।

রেকর্ডিংয়ের শুরুতে বিপ্লবকে মামুনের সঙ্গে কুশল বিনিময় করতে শোনা যায়। এ সময় সে জানায়, সে যুবলীগের জেলা সভাপতি পদপ্রার্থী হয়েছে। দীর্ঘদিন ধরে টিপুর রাজনৈতিক অবস্থান এলোমেলো থাকায় আবার সক্রিয় হওয়ার চিন্তা করছে সে। সামনে গেরিলা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করে সে।

কথোপকথনের শেষ দিকে বিপ্লবকে গেরিলা বাহিনী গঠন, তাদের সংগঠিত করা এবং সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে কথা বলতে শোনা যায়। পুরো বিষয়টি যেন অন্য কেউ জানতে না পারে, সে বিষয়েও সতর্ক করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ গণমাধ্যমে জানায়, বক্তব্যটি পুলিশের নজরে এসেছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এ বিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী (সাবেক পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড এবং ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় বিচারিক আদালত।

বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে। এরপর তার বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করে। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার সাজা মওকুফ করে। পরের বছর আরও দুটি হত্যা মামলা (কামাল ও মহসিন হত্যা) থেকে বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী ফের আলোচনায় আসে বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর সে কারামুক্ত হয়।

এদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অপর আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ বিপুলসংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলাগুলোর অভিযোগপত্র পুলিশ আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে। তবে ৪ আগস্টের পর থেকে বিপ্লবসহ তার দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছে।


তথ্যসূত্র:
১। ‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইবো’
– https://tinyurl.com/ytusaz2a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরে বিএনপি-আ.লীগ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ
পরবর্তী নিবন্ধগভীর রাতে সচিবালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটাল আওয়ামী সন্ত্রাসীরা