
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রী মৌলভী নূর জালাল জালালী বলেছেন, চিকিৎসাসেবাকে কখনোই বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যাবে না। চিকিৎসার মতো পবিত্র বিদ্যাকে বাণিজ্যের হাত থেকে রক্ষা করাই সাফল্যের মূল চাবিকাঠি বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি রাজধানী কাবুলে প্রায় পাঁচশত স্বাস্থ্য বিশেষজ্ঞের এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মন্ত্রী মৌলভী নূর জালাল জালালী হাফিযাহুল্লাহ চিকিৎসাপেশার মর্যাদা ও নৈতিকতা রক্ষার ওপর জোর দেন। তিনি সদ্য স্নাতক ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, পেশাগত জীবনে চিকিৎসাশাস্ত্রের মৌলিক নীতিমালা ও নৈতিকতা কঠোরভাবে মেনে চলতে হবে। জনস্বার্থকেই সব সময় অগ্রাধিকার দেওয়ার এবং দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য নিজেদের দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
একই সঙ্গে জনস্বাস্থ্য মন্ত্রী দেশব্যাপী স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, সারা দেশে মোট তিনশত আঠারোটি নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে একশত স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই এসব কেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। এই পদক্ষেপের ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের চিকিৎসাসেবা পাওয়ার পথ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী সদ্য পাস করা চিকিৎসকদের কর্মসংস্থানের বিষয়েও আশ্বস্ত করেন। তিনি জানান, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জনস্বাস্থ্য মন্ত্রণালয় বদ্ধপরিকর। পাশাপাশি তিনি এই নবীন চিকিৎসকদের দেশের সেবায় নিজেদের উৎসর্গ করারও নির্দেশ দেন।
তথ্যসূত্র:
1.Mawlawi Noor Jalal Jalali Minister of Public Health, stated at the graduation ceremony of nearly 500 health specialists
– https://tinyurl.com/ycymy7dy


