
জামালপুরে একদিনে দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে গতকাল রোববার (২৯ মার্চ) বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলায় কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে বাইরে যান তার স্বজনরা। এই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেয়। শিশুটি কান্নাকাটি করে তার মাকে বিস্তারিত জানায়। শনিবার রাতেই মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদুর রহমান পলাতক রয়েছে।
এদিকে গত একদিনে জেলায় আরো পাঁচজন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ইসলামপুর উপজেলার চার বছরের এক শিশু, ইসলামপুর পৌরসভার ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছরের এক নারী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।
একই দিনে জেলায় এতগুলো নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র:
১। জামালপুরে একদিনে দুই শিশুসহ ছয়জন ধর্ষণের শিকার
– https://tinyurl.com/3t9hcys8


