
ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মুমিনীন শাইখুল হাদীস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর নতুন ফরমান অনুযায়ী ইমারাতে ইসলামিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের নথিতে ব্যবহৃত বিদেশি শব্দ মূল্যায়ন ও প্রতিস্থাপনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে প্রশাসনিক ভাষার শুদ্ধতা ও স্বকীয়তা রক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ফরমান অনুযায়ী, এই কমিটি ন্যায়বিচার মন্ত্রণালয়ের নেতৃত্বে উচ্চশিক্ষা, শিক্ষা, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং বিজ্ঞান একাডেমির প্রশাসনিক অধিদপ্তরের অংশগ্রহণে কার্যক্রম পরিচালনা করবে।
ফরমানের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, ইমারাতে ইসলামিয়ার সকল প্রতিষ্ঠানকে তাদের প্রশাসনিক ও নীতিমালা সংক্রান্ত নথিতে ব্যবহৃত বিদেশি শব্দসমূহ সংগ্রহ করে এর পরিবর্তে উপযুক্ত বিকল্প শব্দসমূহের তালিকা প্রস্তুত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যাখ্যাসহ তা নির্ধারিত কমিটির কাছে জমা দিতে হবে।
ফরমানের তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কমিটি প্রাপ্ত প্রস্তাবসমূহ পর্যালোচনা করে ইসলামী ও আফগান পরিভাষার আলোকে উপযুক্ত ও প্রামাণ্য বিকল্প শব্দসমূহ নির্বাচন করবে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা উপস্থাপন করবে। একইভাবে এই কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে এবং তাদের কাছ থেকে অতিরিক্ত তথ্য চাইতে পারবে।
এছাড়া ফরমানের চতুর্থ অনুচ্ছেদে বলা হয়েছে, এই নির্দেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে এবং তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ প্রশাসনিক নথিপত্রে ভাষাগত শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ইসলামি ও দেশীয় পরিভাষার ব্যবহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. A special committee will be established to evaluate and replace foreign terms
– https://tinyurl.com/5yjufyv2


