
খনিজ সম্পদ, আফগান অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ও মৌলিক একটি খাত। দেশীয় সম্পদ আহরণ বাড়াতে ইমারাতে ইসলামিয়া সরকার শুরু থেকেই এই খাতে বিনিয়োগকে উৎসাহিত করে আসছে, গ্রহণ করেছে নানামুখী পদক্ষেপ। সেই ধারাবাহিকতায় সম্প্রতি খনিজ সম্পদ খাতে বড় পরিসরে বিনিয়োগ করেছে একটি বিদেশি বিনিয়োগকারী কোম্পানি।
খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় ১০ মে, রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, কুন্দুজ প্রদেশের কালায়ে জাল জেলায় ৫ দশমিক ৯৭ বর্গকিলোমিটার আয়তনের একটি স্বর্ণ খনির উত্তোলনের জন্য আজারবাইজানের “সুবহান মোমান্দ অ্যান্ড রিফ গ্রুপ” কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পাঁচ বছরের এই চুক্তির বিনিয়োগ মূল্য ২০ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। বিবৃতি অনুযায়ী, ঠিকাদারি কোম্পানি ৩০ শতাংশ রাজস্ব দেওয়ার পাশাপাশি সমাজসেবা খাতে ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। চুক্তির আওতায় কোম্পানিকে স্বর্ণ উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে।
আফগানিস্তানের খনিজ সম্পদ সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্বনির্ভরতার প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার অবকাঠামো ও স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটবে।
ইমারাতে ইসলামিয়ার নেওয়া পদক্ষেপ এবং বিশেষজ্ঞদের পরামর্শ বাস্তবায়িত হলে, খনিজ খাতই ভবিষ্যতে দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠবে।
তথ্যসূত্র
1. five-year contract has been signed with an investment worth 20.24 million US dollars.
– https://tinyurl.com/35e9u7uc


