
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় এক কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নয়াবাজারের একটি ভাড়া বাসা থেকে নিসার আলী (৫০) নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু ভাড়াটিয়ার কক্ষে অস্বাভাবিক নীরবতা টের পান। দিনের বেলায় ঘরের বাতি জ্বালানো দেখে তার সন্দেহ হয়। পরে তিনি দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পর্দা সরিয়ে ভেতরে তাকালে বিছানার ওপর নিসার আলীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত প্রতিবেশীদের ডেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিসার আলীর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি এলাকায়। তার বাবা মৃত হযরত আলী মুন্সি। জীবিকার তাগিদে ঢাকায় এসে তিনি ইসলামপুরের কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় তিন মাস আগে নয়াবাজারের ওই বাসাটি ভাড়া নেন এবং সেখানে একাই বসবাস করতেন।
তার ছেলে মো. ইমরান ঢাকার একটি বেসরকারি মেসে থেকে পড়াশোনা করছেন এবং ঢাকা নিউ মডেল কলেজে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত। বাবার এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকায় ছুটে আসছেন বলে জানা গেছে।
তথ্যসূত্র:
১। রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা
– https://tinyurl.com/utz4zvj3


