
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশেই পড়েছিল হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি। তাছাড়া ঘটনাস্থল থেকে মেয়েদের একটি ওড়না এবং মাথার ক্লিপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আসিফ বরগুনা জেলার পাথরঘাটা থানার হুমায়ুন আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামে নানা মৃত নুরুল ইসলামের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতো। পেশায় সে একজন অটোরিকশা চালক।
গণমাধ্যম সূত্রে জানা যায়, আসিফের বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা আসমা আক্তার তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করে। জীবিকার তাগিদে তিনি ও আসিফ দু’জনেই অটোরিকশা চালাতো। বুধবার সন্ধ্যায় তারা একসঙ্গে স্থানীয় রাজাবাড়ি বাজারে গিয়েছিল। পরে তিনি বাড়ি ফিরে এলেও আসিফ বাজারেই অবস্থান করছিল। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, আসিফ একটি রিজার্ভ ভাড়ায় কোথাও গিয়েছেন।
তিনি আরও বলেন, রাত বাড়লেও আসিফ বাড়িতে না ফেরায় আমরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গজারি বনের পাশে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
তথ্যসূত্র:
১। গজারি বনে মিললো নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ
– https://tinyurl.com/mr44czha


