
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্পায়ন ও অর্থনৈতিক আত্মনির্ভরতার পথে আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে লোগার প্রদেশের মোহাম্মদ আগা জেলার শিল্প পার্কে ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যয়ে একটি আধুনিক লৌহ গলন (আয়রন স্মেল্টিং) কারখানার নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সরকারি কর্মকর্তাদের মতে, বেসরকারি খাতের অর্থায়নে বাস্তবায়িত এই বৃহৎ শিল্প প্রকল্পটি সম্পন্ন হলে দেশের শিল্পখাতে নতুন গতি সঞ্চার হবে এবং হাজার হাজার মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এই বিশাল শিল্প কমপ্লেক্সটি ৬০ হাজার বর্গমিটারেরও বেশি জমির ওপর নির্মিত হচ্ছে। প্রকল্পের বিনিয়োগকারী মাহবুবুল্লাহ গারদিজি জানান, কমপ্লেক্সটির প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন উৎপাদন কার্যক্রমের জন্য পরিকল্পিত হয়েছে, যা ভবিষ্যতে দেশের ভারী শিল্প খাতকে শক্তিশালী ভিত্তি দেবে।
লোগারের উপ-গভর্নর এনামুল্লাহ সালাহউদ্দিন বলেন, “আমাদের আশা, কারখানাটি দ্রুত চালু হবে এবং এর মাধ্যমে বহু মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করছে এবং বর্তমানে দেশে বিনিয়োগের পরিবেশ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুকূল।
তিনি বিদেশে অবস্থানরত আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “৪৫ বছরের যুদ্ধের পর এখন দেশ পুনর্গঠন ও যুবকদের কর্মসংস্থানের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই সবাইকে নিজ দেশে ফিরে এসে বিনিয়োগে অংশ নেওয়া উচিত।”
লোগার শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান বশির আহমদ সিদ্দিকী জানান, শিল্প পার্কে মোট প্রায় ৫০০ জেরিব জমি রয়েছে, যার মধ্যে ২৫০ জেরিব ইতোমধ্যে ৮৪টি কোম্পানির জন্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি কোম্পানির নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও জানান, শিল্পপার্ক সম্প্রসারণের জন্য আরও ১,০০০ জেরিব জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং শিগগিরই তা নতুন বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে নির্মাণসামগ্রী উৎপাদনে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, আমদানিনির্ভরতা কমবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বিনিয়োগবান্ধব নীতির কারণে আফগানিস্তানে শিল্প খাতের বিকাশ দ্রুততর হচ্ছে। লোগারের এই বৃহৎ লৌহ গলন কারখানা সেই অগ্রযাত্রার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে, ইনশাআল্লাহ।
তথ্যসূত্র
1. Construction Begins on $200 Million Iron Smelting Factory in Logar
– https://tinyurl.com/3snm5mcp


