
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকার করায় সন্তানের সামনে পোশাকশ্রমিক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
নিহত নাসিমা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। আর গ্রেপ্তর ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। নাসিমা ও ছায়েদুল দম্পতি তাদের ছেলে ও মেয়েকে নিয়ে শ্রীপুর পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। নাসিমা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের স্বজনদের বরাতে দৈনিক আমার দেশ জানায়, ছায়েদুল ইসলাম মাদকাসক্ত ছিল এবং নিয়মিত নেশার টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করত। গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। ওই রাতেই ছায়েদুল তার স্ত্রীর কাছে ৩ হাজার টাকা দাবি করে। কিন্তু নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছায়েদুল ইসলাম স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের ৮ বছর বয়সি মেয়ে সামিয়া ও ৫ বছর বয়সি ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল। দুই সন্তানের চোখের সামনেই নাসিমার মৃত্যু হয়।
তথ্যসূত্র:
১। মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার
– https://tinyurl.com/3krpsjh8


