
উত্তর ইরাকে ইরানি হামলার পর যুক্তরাষ্ট্রের আরও এক সেনা সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ হওয়ার পরদিনই এ ঘটনা ঘটল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১৮ জুলাই, শনিবার উত্তর ইরাকে ভূপাতিত করা একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় ওই সেনা নিহত হয়েছে। এসময় অপর এক সেনা আহত হয়েছে।
এই মৃত্যুর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।
এর আগে ১৭ জুলাই, শুক্রবার জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং আরেক সেনা নিখোঁজ হয়। সেন্টকম জানিয়েছে, ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের কিছু মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
এদিকে টানা অষ্টম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। রবিবার ইরানের গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক শহরের কাছে এবং ইরাক সীমান্তসংলগ্ন শাদেগানের নিকট যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের এসব হামলার জবাবে ইরান কুয়েতের আল-আদিরি সামরিক ঘাটি এবং আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান।
তথ্যসূত্র
1. US soldier killed in Iraq during ‘controlled detonation’ of Iranian drone
– https://tinyurl.com/2unmy6uv


