রাজশাহীতে যাবজ্জীবন দণ্ড নিয়েও থানায় চলাফেরা শীর্ষ মাদক কারবারির

0
3

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পরও রাজশাহীর গোদাগাড়ী থানায় প্রকাশ্যে যাওয়া-আসা করেছে এক শীর্ষ মাদক কারবারি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মনোয়ারুল হাসান রাসেল ওরফে ‘চিট রাসেল’ নামের ওই ব্যক্তিকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, আদালতের রায়ের দিন রাসেল উপস্থিত ছিল না। ফলে আদালত তাকে দণ্ড দেওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর সে আত্মসমর্পণ করেনি, আদালত থেকেও জামিন নেয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গত ১৯ জুলাই সে গোদাগাড়ী থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাসেলের বাড়ি গোদাগাড়ী উপজেলার আঁচুয়া তালতলা গ্রামে।

আদালতের নথি অনুযায়ী, চট্টগ্রামের কোতোয়ালি থানায় ২০১৯ সালে দায়ের হওয়া মাদক মামলার রায় ঘোষণা করা হয় গত ২৩ ফেব্রুয়ারি। ওই মামলায় রাসেল ছাড়াও জামাল উদ্দিন নামে আরেক ব্যক্তি আসামি ছিল। রায়ের দিন জামাল আদালতে উপস্থিত থাকলেও রাসেল পলাতক ছিল।

পুলিশ সূত্র সাংবাদিকদের জানায়, কোনো ব্যক্তি পলাতক অবস্থায় দেশের যেকোনো আদালতে দণ্ডিত হলে তার গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। বর্তমানে গোদাগাড়ী থানায় সাজাপ্রাপ্ত মামলার ওয়ারেন্ট তদারকির দায়িত্বে রয়েছে উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। আর বিচারাধীন মামলার ওয়ারেন্ট দেখভাল করে এসআই নাজমুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গত ৮ জুলাই আঁচুয়া তালতলা গ্রামে রাসেলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জুলাই তার ভাতিজা রাকিবুর হাসান বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। আসামিরা রিমান্ডে থাকা অবস্থায় ১৯ জুলাই থানায় যায় রাসেল। সেখানে সে চুরির মামলার অগ্রগতি নিয়ে ওসি আতিকুর রহমানের সঙ্গে কথা বলে এবং একই দিনে পল্টন থানার মামলার জামিনের কাগজ জমা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান বলেন, আমার বিষয়টি মনে পড়ছে না।

ওয়ারেন্ট অফিসার এসআই নাজমুল ইসলাম বলেন, আমি বিচারাধীন মামলার ওয়ারেন্ট দেখি। রাসেলের বিরুদ্ধে পল্টন থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ১৯ জুলাই ওই মামলার জামিনের কাগজ পেয়েছি। সাজাপ্রাপ্ত মামলার বিষয়টি জানি না। সেটি এসআই নুরুল ইসলাম দেখেন।

এ বিষয়ে এসআই নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এগুলো অফিসিয়াল বিষয়। আমি এ নিয়ে কোনো তথ্য দিতে পারব না, কথাও বলব না।

স্থানীয়দের ভাষ্য, একসময় বাসের হেলপার হিসেবে কাজ করত রাসেল। এলাকায় সে ‘চিট রাসেল’ নামে পরিচিত। চট্টগ্রামের আদালতের রায়ের নথিতেও তার এই নাম উল্লেখ রয়েছে। পরে হেরোইন ও ইয়াবা ব্যাবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয় সে। রাজশাহী শহরে তার বহুতল ভবন, ফ্ল্যাট, জমিসহ বিভিন্ন স্থাবর সম্পদ রয়েছে বলে স্থানীয়দের দাবি।

এর আগে একাধিকবার মাদকসহ গ্রেপ্তারও হয়েছে রাসেল। ২০১৮ সালের ১৭ অক্টোবর রাতে রাজশাহী নগরের উপশহর এলাকায় তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৮০ পিস ইয়াবাসহ তাকে ও তার স্ত্রী মরিয়ম খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরও আগে ২০১৬ সালের ৩ আগস্ট টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এলাকায় প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় সে।

স্থানীয়দের দাবি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পরও রাসেল প্রকাশ্যে রাজশাহী শহর ও গোদাগাড়ীতে চলাফেরা করছে। বেশিরভাগ সময় সে রাজশাহী শহরের একটি ফ্ল্যাটে থাকে, মাঝে মধ্যে গ্রামের বাড়িতেও যায়।

গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাস সাংবাদিকদের বলেন, গোদাগাড়ীর মাদক ব্যবসায়ীরা অনেক প্রভাবশালী। বিপুল অর্থের প্রভাবে তারা নানা বিষয় ম্যানেজ করে। এ কারণে অনেক সময় গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর হয় না।


তথ্যসূত্র:
১। যাবজ্জীবন দণ্ড নিয়েও থানায় চলাফেরা শীর্ষ মাদক কারবারির
– https://tinyurl.com/cskur8wz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে মাদক উদ্ধারের পর ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে মাদকের বড় একটি চালান ছেড়ে দিলো পুলিশ সদস্যরা