
যুক্তরাজ্যে প্রতি ৫ দিনে গড়ে একটি মসজিদ চরমপন্থীদের হামলার শিকার হচ্ছে। বিগত এক বছরে দেশটিতে মসজিদকে টার্গেট করে ৭০ এরও অধিক হামলার ঘটনা রেকর্ড হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ব্রিটিশ মুসলিম ট্রাস্ট (BMT) সংস্থা কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
সংস্থাটি আরও সতর্ক করেছে যে, যুক্তরাজ্যে মসজিদে হামলার প্রবণতা ক্রমেই বাড়ছে, এ বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
BMT-এর তথ্য অনুযায়ী, এসব হামলার মধ্যে রয়েছে ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা, সম্পত্তির ক্ষতি, হয়রানি, মুসলিম-বিদ্বেষী বক্তব্য, অনলাইন ইসলামবিরোধী প্রচারণা এবং ভাঙচুরের ঘটনা।
এর আগে ব্রিটিশ মুসলিম ট্রাস্ট ও ব্রিটিশ ফিউচারের এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের প্রতি ৬ নাগরিকের একজন মনে করে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধি দেশটির সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। এটি মুসলিমদের প্রতি শত্রুতামূলক মনোভাব স্বাভাবিক হয়ে ওঠার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মসজিদে হামলার প্রধান কেন্দ্রগুলো হলো লন্ডন, গ্রেটার ম্যানচেস্টার এবং ওয়েস্ট মিডল্যান্ডস। লন্ডনে গত ১ বছরে পৃথক পৃথক ৯টি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। অপরদিকে, বার্মিংহামের একটি মসজিদ ৩ বার হামলার শিকার হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে মুসলিমবিদ্বেষী ঘৃণামূলক অপরাধও বেড়েছে। ২০২৪ সালের মার্চ পর্যন্ত এক বছরে যেখানে এমন অপরাধের সংখ্যা ছিল ২ হাজার ৬৯০টি, ২০২৫ সালের মার্চ পর্যন্ত তা বেড়ে হয়েছে ৩ হাজার ১৯৯টি— অর্থাৎ এই এক বছরে প্রায় ১৯ শতাংশ অপরাধ বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাজ্য সরকার ২০২৬-২৭ অর্থবছরে মসজিদ, মুসলিম স্কুল ও কমিউনিটি সেন্টারের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ৪ কোটি পাউন্ড অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ সিসিটিভি, অ্যালার্ম ব্যবস্থা, নিরাপত্তা বেড়া ও নিরাপত্তাকর্মী নিয়োগে ব্যবহার করা যাবে।
তবে BMT-এর অভিযোগ, জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া ও দীর্ঘ অপেক্ষার কারণে অনেক প্রতিষ্ঠান এখনও পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা পাচ্ছে না। কিছু মসজিদ সহায়তার জন্য আবেদন করার পর ১৮ মাস পর্যন্ত অপেক্ষা করেছে। আবার কিছু আবেদন কোনও স্পষ্ট কারণ ছাড়াই প্রত্যাখ্যান করা হচ্ছে।
BMT প্রধান আকিলা আহমেদ বলেন, “শুধু মসজিদ হওয়ার কারণেই একটি ভবন নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। বর্তমানে অনেক মসজিদ মাসের পর মাস সরকারি নিরাপত্তা সহায়তা লাভের জন্য অপেক্ষমান, একই সাথে তারা নতুন হামলার আশঙ্কায় দিনপার করছে। অনেক ক্ষেত্রে ছোটখাটো অপ্রীতিকর ঘটনাতেও যথাযথ সাড়া দিচ্ছে না ব্রিটিশ পুলিশ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4vxc2np8


