
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালকোটে স্থানীয়দের নির্বাচন বর্জন আন্দোলন দমনে ভয়াবহ রক্তাক্ত তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। ২৮ জুলাই, মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে অন্তত ২০ জন আন্দোলনকারী নিহত এবং ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, রাওয়ালকোটের দ্রিক এইথ এলাকায় কোনো রকম সতর্কবার্তা ছাড়াই সমবেত জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজির। নির্বাচনে অংশ না নেওয়ার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গত ৫ জুন পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত ৮০ জন পাকিস্তানি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, রাজপথে বিক্ষোভকারীদের মরদেহ পড়ে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে।
কাশ্মীরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিল ভাই এক ভিডিও বার্তায় বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। রাওয়ালকোটের পুরো রাস্তা লাশে ভরে গেছে, চারদিকে শুধু আহত মানুষের আর্তনাদ। আল্লাহর দোহাই, এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ান; দয়া করে আমাদের সমর্থন করুন।’
আকিল ভাই আরও বলেন, ‘আমি নিজে কোনোমতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। এত ভাইয়ের মৃত্যু দেখার পর নিজের জীবন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। জোরহাত করে আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আন্তর্জাতিক গণমাধ্যম যারা দেখছেন, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা শান্তিপ্রিয় মানুষ। অগণিত লাশ, অসংখ্য আহত মানুষ-লাশ বইতে বইতে আমাদের কাঁধ ক্লান্ত হয়ে পড়েছে।’
নির্বাচনকে কেন্দ্র করে ইসলামাবাদ পিওকেজুড়ে ১৪ হাজারের বেশি সশস্ত্র নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে বলে খবরে বলা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্নাইপারও মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি ও দূরপাল্লার টিয়ার গ্যাস ব্যবহার করেছে।
এ ছাড়া আন্দোলন দমনে চরম বলপ্রয়োগের পাশাপাশি প্রশাসন পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে। কিছু এলাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ।
তথ্যসূত্র
1. At least 20 people have been killed in Pakistan-administered Kashmir
– https://tinyurl.com/yc476bbv


