
আফগানিস্তানের কৃষি, অর্থনীতি ও খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে দেশটির বৃহৎ অবকাঠামো প্রকল্প কুশতেপা খাল। প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে খালের প্রধান পানিপ্রবেশ অবকাঠামোর কাজও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে অবশিষ্ট কাজ শেষ হলেই আমু দরিয়া নদী থেকে খালে পানি প্রবেশ করানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিনের এই বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তব ব্যবহারের আরও কাছাকাছি পৌঁছে গেছে।
২৫ নভেম্বর, বুধবার আফগানিস্তানের জাতীয় উন্নয়ন করপোরেশনের (এনডিসি) বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। করপোরেশনের মুখপাত্র নবীউল্লাহ আরগান্দিওয়াল হাফিযাহুল্লাহ জানিয়েছেন, খালের প্রধান পানিপ্রবেশ অবকাঠামোর নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই আমু দরিয়ার পানি খালে প্রবেশ করানো হবে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহও প্রকল্পটির নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর কথা জানিয়ে শিগগিরই এটি চালুর আশাবাদ ব্যক্ত করেছেন।
২০২২ সালে নির্মাণকাজ শুরু হওয়া কুশতেপা খালটি প্রায় ২৮৫ কিলোমিটার দীর্ঘ এবং ১০০ মিটার প্রশস্ত। এটি বালখ প্রদেশের কালদার জেলা থেকে আমু দরিয়ার পানি নিয়ে জাওজান ও ফারিয়াব প্রদেশ অতিক্রম করে আন্দখয় জেলায় পৌঁছাবে। তিনটি পর্যায়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রথম পর্যায়ের ১০৮ কিলোমিটার খননকাজ ২০২৩ সালের অক্টোবরে সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর আফগানিস্তানের ৩০ লাখেরও বেশি জেরিব (প্রায় ১৪ লাখ ৮৩ হাজার একর) কৃষিজমিতে সেচ সুবিধা পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
কুশতেপা খাল চালু হলে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অনাবাদি ও অনুর্বর জমি কৃষিকাজের আওতায় আসবে। বাড়বে গমসহ বিভিন্ন খাদ্যশস্য ও কৃষিপণ্যের উৎপাদন। একই সঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমানোর নতুন সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে উদ্বৃত্ত কৃষিপণ্য রপ্তানির মাধ্যমেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে কুশতেপা খাল কেবল একটি পানি সরবরাহ প্রকল্প নয়; এটি আফগানিস্তানের কৃষি পুনর্জাগরণ, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এক ঐতিহাসিক উদ্যোগ। সীমিত সম্পদ ও নানা প্রতিকূলতার মধ্যেও ইমারাতে ইসলামিয়ার উদ্যোগে এত বড় প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো দেশটির অবকাঠামোগত উন্নয়নে একটি উল্লেখযোগ্য অর্জন।
প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে আফগানিস্তানের উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে এবং দেশের সমৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র :
1. Ghosh Tepe Canal on the verge of operation; second part of the project is 99 percent complete
– https://tinyurl.com/2szydncx


