
জুলাই আন্দোলনে ফেনীতে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ শামসুজ্জামান এখন ফেনী মডেল থানার ওসি। চেয়ারে বসে সদম্ভে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দিচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। চালিয়ে যাচ্ছে মামলা বাণিজ্য। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জুলাইযোদ্ধারা। এমন পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, জুলাইয়ে কারফিউ চলাকালে আন্দোলন দমনে তৎকালীন ডিবি কর্মকর্তা শামসুজ্জামান ফেনী শহরের ইসলামপুর ও ট্রাংক রোডের বড় মসজিদের সামনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। এর কয়েক মাস পরই এ অপরাধের শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে ফেনী মডেল থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। গত ১৩ ফেব্রুয়ারি ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এরপর থেকেই সে মামলা বাণিজ্যসহ জুলাইয়ের খলনায়ক ও হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করে।
চলতি বছরের ২৫ জুন পুলিশ ক্লিয়ারেন্স দেয় ফেনী পৌরসভার চাড়ীপুর এলাকার আজিজুল হককে। সে ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। ফেনী মডেল থানায় বৈষম্যবিরোধী জুলাইযোদ্ধার করা মামলার আসামি।
গত ২৯ জুলাই চব্বিশের গণঅভ্যুত্থানে ফেনীর এক জুলাইযোদ্ধার পরিচয়ে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগের সূত্র ধরে গণমাধ্যম-এর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম স্বাক্ষরিত ক্লিয়ারেন্সটি মন্ত্রণালয়ে পাঠানো হলেও আজিজুল হক ও তার পরিবারের কোনো সদস্য ডেলিভারি নিতে ভয়ে থানায় যায়নি।
ওসির ইশারায় ডিএসবি সদস্য ফাহিম ছৈয়ালকে দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটি পলাতক আসামি আজিজুল হক মনোনীত এক ব্যক্তিকে ফেনী ইউনিভার্সিটির গেটে যাত্রী ছাউনির নিচে পৌঁছে দেয়। অভিযোগকারীর দাবি, ঘটনাটি জানার পর প্রথমে বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলামকে অবগত করেন তিনি। এতে তার ওপর উত্তেজিত হয়ে পড়ে এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় সে। একপর্যায়ে ওসি শামসুজ্জামানকে বাদীর মুঠোফোন নম্বর ও ছবি পাঠিয়ে অপর একজনের মাধ্যমে ডেকে এ ব্যাপারে চুপ থাকতে বলে কিছু উপহার দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তা গ্রহণ না করায় থানার কম্পিউটার অপারেটর কামরুলের মাধ্যমেও কিছু টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় ওসি।
পরে তথ্য-প্রমাণসহ বাদী এ ব্যাপারে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ পাঠায়। এরপর সেখান থেকে প্রথমে তাকে সংশ্লিষ্ট জেলার এসপি বরাবর অভিযোগ করার পরামর্শ দেওয়া হলেও কিছুক্ষণ পর অভিযোগটি প্রিন্ট করে হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুটআপ দেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়।
তার দাবি, এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপের মুখে হেডকোয়ার্টারের অসাধু কাউকে দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্ভার থেকে ওই ক্লিয়ারেন্সটি সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়ার চেষ্টায় উঠে পড়ে লাগে ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয়। যাতে করে তারা অভিযোগটি ভুয়া প্রমাণ করতে পারে।
বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক সেটিও হেডকোয়ার্টারকে লিখিতভাবে জানিয়ে রাখে অভিযোগকারী ওই জুলাইযোদ্ধা। এর মধ্যে এজাহারনামীয় আসামি আজিজুল হক ওই পুলিশ ক্লিয়ারেন্সটি ব্যবহার করে দেশ ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশের সার্ভার থেকে তার ক্লিয়ারেন্সটিও সরিয়ে নেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ ক্লিয়ারেন্স সার্ভারে না থাকলেও ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম স্বাক্ষরিত বৈষম্যবিরোধীদের মামলার আসামি আজিজুল হকের পুলিশ ক্লিয়ারেন্সটি ঠিকই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভারে রয়ে গেছে। যার প্রমাণ এরই মধ্যে গণমাধ্যম-এর হাতে এসেছে।
ওই অভিযোগকারী গণমাধ্যমকে জানান, এর আগেও ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর গ্রামের আমির হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা আবদুল আলী মেম্বার ও পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের মৃত কাজী আমান উল্যাহর ছেলে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী শরিয়ত উল্যাহ জুয়েল এবং সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর দরবেশ গ্রামের আবু সুফিয়ানের ছেলে মো. জিয়াকে একইভাবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে।
এছাড়া তৎকালীন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বর্তমানে জেলার বোগদাদি তদন্ত কেন্দ্রে আছে। সে ৬ জুলাই ট্রাংক রোডে, ১৭ ও ১৮ জুলাই ইসলামপুর রোডে ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে আন্দোলনকারীদের ওপর ব্যাপক নিপীড়ন চালায়। শিক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে নানাভাবে হুমকি দিয়েও আন্দোলন থেকে সরে দাঁড়াতে চাপ দিত।
জানা যায়, বর্তমানেও তারা সবাই ফেনীতে থেকে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে আওয়ামী দোসরদের সঙ্গে সম্পর্ক রেখে মামলা বাণিজ্যসহ জুলাই আন্দোলনকারীদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।
তথ্যসূত্র:
১. জুলাইয়ের খলনায়ক এখন ফেনীর ওসি
– https://tinyurl.com/59dzcjp8


