
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছে।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে বলেছে, আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন আমেরিকানকে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিল।
১৫ জুন, সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকেও দেখা যায়। দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচিতে সহায়তা করছিল এবং উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং সব আগত বিমানকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে এই দূরপাল্লার ভারী বোমারু বিমানগুলো নিয়মিত অংশ নিচ্ছিল। চলমান আন্তর্জাতিক সামরিক উত্তেজনার মধ্যে ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষামূলক বিমান ঘাঁটিতে এমন একটি অত্যাধুনিক ও কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা মার্কিন বিমান বাহিনীর জন্য বড় ধরণের ধাক্কা বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র
1. US Air Force B-52 bomber crashes after takeoff, killing 8
– https://tinyurl.com/48byt3h4


