
অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুই শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গত বছরের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ‘যুদ্ধবিরতি’র লঙ্ঘন করে ১৪ এপ্রিল, মঙ্গলবার এই হামলা চালানো হয়।
গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার উত্তর গাজায় চালানো এই হামলায় শহীদদের মধ্যে তিন বছর ও ১৪ বছর বয়সী দুটি শিশু রয়েছে।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা শহরে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে চালানো হামলায় তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরের প্রাণকেন্দ্রে পুলিশ ভ্যানটি লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত ও অন্তত ৯ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিন ভোরে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি গুলিবর্ষণে আরও এক ব্যক্তি শহীদ হন বলে মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে একটি মোড়ের কাছে ইসরায়েলি বিমান হামলায় আরও বেশ কয়েকজন শহীদ হন। আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ড্রোন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই স্থানে উপস্থিত একদল ফিলিস্তিনি হতাহত হন। সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ কিছুটা স্তিমিত হলেও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৭৬০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
তথ্যসূত্র
1. Israeli attacks kill 11, including two children, in day of strikes on Gaza
– https://tinyurl.com/4pchph9b


