ফরিদপুরে পুকুর পাড়ে মাটি খুঁড়ছিল কুকুর, ভেতর থেকে বেরিয়ে এলো মা-মেয়ের লাশ

0
17

ফরিদপুর-রাজবাড়ী সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুর পাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার কন্যাশিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয়রা উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার মাঠের মধ্যে লাশ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দুটি লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- গৃহবধূ জাহেনা আক্তার (৩২) এবং তার ৩ বছরের শিশু কন্যা সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই এলাকার এক নারী সেখানে কাজ করতে গেলে, কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন মানুষের পা বের হয়ে আছে। ফিরে এসে বিষয়টি গ্রামের অন্যান্যদের জানালে খবর দেওয়া হয় পুলিশে। লাশ দুটি উদ্ধারের পর তাদের পরিচয় জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে থেকে শিশুকন্যাসহ ওই নারীর নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে তারা সেখানে এসে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মন্ডল জানান, ওই এলাকাটি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী হওয়ায় পুলিশের নজরদারি কম থাকার সুবাদে বিভিন্ন অপরাধ সংঘটিত হয় এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের পাশাপাশি ওই এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান তিনি।


তথ্যসূত্র:
১। পুকুর পাড়ে মাটি খুঁড়ছিল কুকুর, ভেতর থেকে বেরিয়ে এলো মা-মেয়ের মরদেহ
– https://tinyurl.com/yc33c7eh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে ধর্ষণের শিকার শিশুর লাশ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত