
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় নজরুল ইসলাম (৫২) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী শাহানূর বেগম।
বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহানূর বেগম বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামের একজনকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল একই এলাকার আবুল হাসেমের ছেলে।
এদিকে নিহতের স্ত্রী শাহানূর বেগম দাবি করে জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে তাদের বাড়িতে বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের দুজনকে দুটি কক্ষে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। তারা চলে যাওয়ার সময় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে। এসময় নিহতের স্ত্রী শাহানূর বেগমের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রচার করলে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে হাত পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও দাবি করেন, হামলাকারীরা সাড়ে ১২টায় প্রবেশ করে রাত আড়াইটার দিকে ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে ঘর থেকে বের হয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানায়, বিষয়টি রহস্যজনক। তদন্ত চলমান। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে। আহত নারীর ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
তথ্যসূত্র:
১। দুর্বৃত্তের হামলায় নারায়ণগঞ্জে ব্যবসায়ী নিহত, স্ত্রী হাসপাতালে
– https://tinyurl.com/yvs3a5af


