
সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও আমু দরিয়ার পানি বৃদ্ধি পাওয়ায় বাদাখশান প্রদেশের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিয়ে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ৫০ জন আটকে পড়া বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, বাদাখশানের শহর-ই বুজুর্গ জেলায় পানি বৃদ্ধির কারণে কয়েকটি এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অনেক পরিবারের জরুরি সহায়তার প্রয়োজন হয়। এ সময় ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
ইমারাতে ইসলামিয়ার বিমান বাহিনীর তৃতীয় কোরের মুখপাত্র নূরুল্লাহ নাজারি হাফিযাহুল্লাহ জানান, মন্ত্রণালয়ের হেলিকপ্টার ছয়টি পৃথক ফ্লাইট পরিচালনা করে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৫০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে।
কর্তৃপক্ষ জানায়, বন্যা ও পানির উচ্চতা বৃদ্ধির কারণে যেসব পরিবার কঠিন পরিস্থিতিতে পড়েছিল, তাদের দ্রুত সহায়তা ও জীবনরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সম্ভাব্য নতুন বন্যা ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে আরও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতার প্রতিফলন ঘটায়।
তথ্যসূত্র
1. Ministry of Defense Rescues 50 Stranded Individuals in Badakhshan via Helicopters
– https://tinyurl.com/mwn74dts


