
গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ঈদুল আযহার চার দিনব্যাপী ছুটিতে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি শহীদ এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ মে, রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন ফিলিস্তিনি শহীদ এবং আটজন আহত হয়েছেন। এর ফলে ঈদুল আযহার শুরু থেকে শহীদের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।
এর আগে একটি চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটিতে শনিবারের একটি ইসরায়েলি হামলায় গুরুতর আহত এক ফিলিস্তিনি রবিবার ভোরে মারা যান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিভিন্ন স্থানে বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৯২৫ ফিলিস্তিনি শহীদ এবং ২ হাজার ৮১০ জনের বেশি আহত হয়েছেন।
এদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের পরিচালক রিয়াদ হুসেইন সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি অবরোধের কারণে বিদ্যুৎ জেনারেটর বিকল হয়ে যাওয়ায় হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে হাসপাতালটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিস ইউনিট এবং নবজাতক পরিচর্যা বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবাগুলোও শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে।
তথ্যসূত্র
1. 33 Palestinians killed by Israeli fire in Gaza during Eid holiday, Health Ministry says
– https://tinyurl.com/22zr9tjd


